নিজস্ব প্রতিবেদক, জামায়াত বার্তা
সংবাদ প্রকাশ : রাজ
কক্সবাজার জেলা প্রতিনিধি : ছৈয়দুল আলম
কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে কুখ্যাত জলদস্যু ও জেলে হত্যা মামলার মূল আসামি জমির উদ্দিন ওরফে জমিরকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাদিয়া দ্বীপের প্যারাবন এলাকা থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
বুধবার (৬ মে) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ গভীর বঙ্গোপসাগরে কুতুবদিয়ার পশ্চিম-দক্ষিণ এলাকায় মাছ ধরার সময় এফবি আজুফা আক্তার মানু নামের একটি ফিশিং বোটে জলদস্যু জমির বাহিনীর হামলার ঘটনা ঘটে। এ সময় বাহিনীর সদস্যদের গুলিতে কুতুবদিয়ার জেলে শাহাদাত হোসেন খোকন নিহত হন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর থেকে আসামিদের আটকে কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ২টার দিকে মহেশখালী থানাধীন মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জমির বাহিনীর প্রধান ও হত্যা মামলার মূল আসামি জমিরকে আটক করা হয়।
পরে আটককৃত জমিরের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাদিয়া দ্বীপের প্যারাবন এলাকায় অভিযান চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, আটককৃত জমির (৪০) মহেশখালী উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ‘জমির বাহিনী’র প্রধান হিসেবে সাগরে ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন